ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যত্রীবাহী বাস ও ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ গাজী (১৬) নামে ট্রলি চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০জন।
আজ রোববার (০২ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মো. রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ট্রলি চালক আব্দুল্লাহ গাজী সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের বুলবুল গাজীর ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মো. রোমান মোল্যা জানান, একটি ট্রলিতে ইট বোঝাই করে চন্দ্রদিঘলীয়া যাচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মারাত্মক আহত হয় ৬ জন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ গাজীকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, অবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার বিচিত্র কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল্লাহ গাজী মারা যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। #