শাহারিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ডের ডাইব্রেশন মোড়ে আজ সকাল ৯টায় সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে, পাশাপাশি মোটরসাইকেল চালকও গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সিএনজিটি চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এক যাত্রী জানান, “আমি ড্রাইভারের পাশের সিটে ছিলাম। হঠাৎ পূর্ব দিক থেকে একটি মোটরসাইকেল মেইন রোডে উঠে আসে। সিএনজির গতিবেগ বেশি থাকায় চালক ব্রেক করে ডান দিকে কাটতে গেলে গাড়িটি উল্টে যায়।” এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন এবং মোটরসাইকেল চালকও আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পথচারীরা অভিযোগ করেন, সিএনজি চালকরা প্রায়ই অতিরিক্ত গতিতে গাড়ি চালান, যা দুর্ঘটনার অন্যতম কারণ। তারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।