আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে ঢাকাস্থ: বরিশাল জেলা সমিতি ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ি বরিশাল জেলা সমিতির পৃষ্ঠপোষকতায় ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় চলতি বছর শারীরিক প্রতিবন্ধীদের জন্য বেশ কিছু টুর্নামেন্টের আয়োজন করা হবে।
টুর্নামেন্টগুলির মধ্যে রয়েছে প্যারা ক্রিকেট, প্যারা ব্যাডমিন্টন, প্যারা টেবিল টেনিস ও দাবা। এছাড়াও খেলোয়াড় ও কোচদের প্রশিক্ষণ প্রদান করবে। চুক্তি অনুযায়ী ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ বরিশাল সমিতিকে ঢাকায় প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠায় সহায়তা প্রদান করবে।
বরিশাল জেলা সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও খান সন্স গ্রুপের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমানের উপস্থিতিতে সমিতির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক সোহেল ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: মাকসুদুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বরিশাল জেলা সমিতির সভাপতি ও গ্লোবাল ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর এনায়েত করিম এবং ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা সমিতির সহ-সভাপতি এডভোকেট আবদুল লতিফ, এম জহিরুল আলম ইকবাল, আ ব ম মহিউদ্দিন খান চৌধুরী, মো: মনিরুজ্জামান শাহীন, এনায়েত হোসাইন বাবুল, দপ্তর সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ, ট্রেজারার মো: হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোসলে উদ্দিন খান নোবেল প্রমূখ উপস্থিত ছিলেন।