স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিজয় বাড়ৈ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত বিজয় বাড়ৈ (৫৫) ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও লেবুতলা গ্রামের বিমল বাড়ৈর ছেলে।
ওসি মো. খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় ইউপি সদস্য বিজয় বাড়ৈকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যন্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ করা বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা বাধে তাদের। এসময় আওয়ামী লীগ সন্দেহে সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিলেন পুলিশ। এসময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন। #