• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আয়োজিত হচ্ছে বিজনেস কেস কম্পিটিশন “ব্যাটেল অফ স্টেজ ২.০”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১৫:৫৩ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আয়োজিত হচ্ছে বিজনেস কেস কম্পিটিশন “ব্যাটেল অফ স্টেজ ২.০”

ববি প্রতিনিধি :মোহাম্মদ উল্লাহ

বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) বিজনেস ক্লাবের (বিইউবিসি) উদ্যোগে প্রথমবারের মতো ববিতে আয়োজিত হতে যাচ্ছে ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন-“ব্যাটেল অফ স্টেজ ২.০”।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিইউবিসি তাদের ফেসবুক পেইজে ইভেন্টটি লঞ্চের মাধ্যমে শুরু হয় জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার। যার মূল পর্ব শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের উদীয়মান তরুণরা বাস্তবভিত্তিক ব্যবসায়িক সমস্যার সমাধান উপস্থাপন এবং তাদের ব্যবসায়িক সমস্যা সমাধান, ও উপস্থাপনা দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।

প্রতিযোগীতাটিতে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ১-৩ জনের দল গঠন করে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন চলবে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

১৮ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে, প্রতিযোগীদের একটি ব্যবসায়িক সমস্যা দেওয়া হবে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্লেষণ করে সমাধান জমা দিতে হবে। দ্বিতীয় ধাপে, নির্বাচিত দলগুলো প্রথম রাউন্ডের সমাধান অনলাইনে (Zoom/Google Meet) এ প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করবে। তৃতীয় ও সর্বশেষ ধাপ, গ্র্যান্ড ফিনালে– নির্দিষ্ট সংখ্যক সেরা দল ফাইনালে উঠবে এবং তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কেস এর সমাধান করে বিচারকদের সামনে চূড়ান্ত প্রেজেন্টেশন করবে।

আয়োজনটিতে প্রতিযোগীদের জন্য থাকছে  বিশেষ কেস সলভিং ওয়ার্কশপ, যেখানে অভিজ্ঞ প্রশিক্ষকরা কেস বিশ্লেষণের কৌশল শেখাবেন এবং অনলাইন ওয়েবিনার থাকবে দিকনির্দেশনামূলক।

কম্পিটিশনে চ্যাম্পিয়ন দল পাবে নগদ ১৫,০০০ টাকা, প্রথম রানারআপ পাবে নগদ ১০,০০০ টাকা এবং দ্বিতীয় রানারআপ পাবে নগদ ৫,০০০ টাকা। এছাড়াও থাকবে সনদপত্র, ট্রফি ও জাতীয় মিডিয়ায় কাভারেজ। 

এ ব্যাপারে বিইউবিসি’র সহ সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ বলেন ‘ব্যাটেল অফ স্টেজ ২.০’ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়—এটি তরুণদের জন্য একটি সুযোগ, নিজেদের আইডিয়া ও দক্ষতা দিয়ে দেশের কর্পোরেট জগতে নতুন দিগন্ত উন্মোচনের প্ল্যাটফর্ম।

বিইউবিসি’র সভাপতি মাহমুদুল হাসান মিরাজ বলেন— যদিও ব্যাটেল অফ স্টেজ দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে, তবে এটিই আমাদের প্রথম জাতীয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতা। ২০২৩ সালে অনুষ্ঠিত ‘ব্যাটেল অফ স্টেজ ১.০’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর, এবার আমরা এই প্রতিযোগিতাকে আরও বড় পরিসরে আয়োজন করছি। ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা সাধারণত জাতীয় পর্যায়ের কেস কম্পিটিশনে অংশ নিতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, বিশেষ করে অর্থনৈতিক ও যাতায়াতজনিত সমস্যার কারণে। এবার তারা নিজেদের দক্ষতা জাতীয় পর্যায়ে প্রমাণ করার সুযোগ পাচ্ছে।”

এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন “বায়োজিন কসমেসিউটিক্যালস”। এছাড়াও মেরিকো বাংলাদেশ, ই-লার্নিং প্ল্যাটফর্ম “লিড একাডেমি”, এবং আরও একাধিক সহযোগী প্রতিষ্ঠান প্রতিযোগিতাকে সফল করতে পাশে রয়েছে।