• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের আ’লীগের মশাল মিছিল, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১৭:২১ অপরাহ্ণ
গোপালগঞ্জের আ’লীগের মশাল মিছিল, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ধানমন্ডি-৩২ ভাংচুর, দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, লুপাট ও অগ্নিসংযোগ, শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত হরতাল ও মশাল মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

পাল্টাপাল্টি কর্মসূচীতে উত্তপ্ত হয়ে উঠেছে টুঙ্গিপাড়া উপজেলা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে টুঙ্গিপাড়া উপজেলায় করা মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়ার ও গোপালপুরে মশাল মিছিল বের করে। মিছিলটিকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতেও দেখা যায়। এসময় নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবন ধানমন্ডি-৩২ ভাংচুর, দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, লুপাট ও অগ্নিসংযোগ, শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ঠার পদত্যাগের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়।

অপরদিকে, আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত হরতাল ও মশাল মিছিলের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীর টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও নহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক শেখ সালাউদ্দিন ইসলাম, সদস্য সচিব মাহবুব হোসেন নাসির, উপজেলা যুবদলের আহবায়ক মোক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ঈসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক কবিরুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আগামীকাল আওয়ামী লীগের ডাকা হরতালকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত মশাল মিছিলকে প্রতিহত করা হবে। সেই সাথে গোপালগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফলভাবে শেষ করা হবে।

এদিকে, পাল্টাপাল্টি কর্মসূচীতে উত্তপ্ত হয়ে উঠেছে টুঙ্গিপাড়া উপজেলা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আওয়ামী লীগ মশাল মিছিল করেছে বিষয়টি আমরা শুনেছি। তারা উপজেলার সীমান্ত এলাকায় মিছিল করেছে বলে জেনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। #