• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জামাত নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১৫:২২ অপরাহ্ণ
গোপালগঞ্জে জামাত নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ.টি.এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। এতে সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিম, সাবেক আমীর মাওলানা আব্দুল হামিদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আজমল হোসাইন বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা অনতিবিলম্বে কেন্দ্রীয় জামায়াত নেতা এ.টি.এম আজহারুল ইসলামের মুক্তির দাবি করে বলেন, বর্তমান সরকার বৈষম্য বিরোধ ছাত্র-জনতার আন্দোলনের সরকার। কিন্তু এই সরকার ৬ মাস ১০ দিন পার করলেও বৈষম্য চলছে। এখন পযর্ন্ত সহকারী সেক্রেটারী জেনারেল এ.টি.এম আজহারুল ইসলামের মুক্তি দেয়া হয়নি। তিনি কারাগারে বন্ধি রয়েছেন। দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। #