ববি প্রতিনিধি :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনার পরিবারের নাম থাকা তিনটি আবাসিক হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গঠিত নাম পরিবর্তন কমিটির সুপারিশ অনুযায়ী উপাচার্যের নির্বাহী সিদ্ধান্তে হল ও গ্রন্থাগারের নতুন নামকরণ করা হয়েছে।
নতুন নাম অনুযায়ী: বঙ্গবন্ধু হল → বিজয় ২৪ হল,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল → তাপসী রাবেয়া বসরী হল,শেখ হাসিনা হল → কবি সুফিয়া কামাল হল,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত লাইব্রেরি → কেন্দ্রীয় গ্রন্থাগার, বরিশাল বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের ২২ দফা দাবির মধ্যে এসব পরিবর্তন অন্তর্ভুক্ত ছিল। পরিবর্তন কমিটির সুপারিশক্রমে উপাচার্যের নির্বাহী ক্ষমতায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কার্যকর করা হয়েছে এবং আগামী সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে।