স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন (৪৫) টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাটগাতী গ্রামের মৃত ফহম শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় যুবলীগ নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যন্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ করা বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা বাধে তাদের। এসময় আওয়ামী লীগ সন্দেহে সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিলেন পুলিশ। তখন পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন। #