• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি বাসের সংঘর্ষে নিহত-২, আহত-১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি বাসের সংঘর্ষে নিহত-২, আহত-১০

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১২ জন।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চালক গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার মন্টু শেখ (৫৫) ও সুপার ভাইজার বাগেরহাটের চিতলমারী উপজেলা আরিফ হোসেন (৪০)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সাহদৎ হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বাসটি হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে সাম্পান রেস্টুরেন্টের মধ্যে ঢুকতে থাকা সোহান পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা মেরে সজোড়ে গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ১২ জন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ ও সুপার ভাইজার আরিফ হোসেনকে (৪০) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুব্রত সাহা বলেন, সড়ক দূর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে হাসাপাতালে আনার আগেই দুইজন মারা যান। বাকীদের চিকিৎসা দেয়া হচ্ছে।#