ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ইন্দুরকানীতে ২টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ২টি ঘর। অগ্নিকান্ডে চার পরিবারের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারণ গ্রামে রহিম ও রিপন মাতব্বরের যৌথ ঘরে বৈদ্যুতিক শক সার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের আসাদুল মোল্লার ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই দুটি ঘরই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এ সময় পাশের জাকির ও ফখরুল মোল্লার ঘরেও আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শরীফ নুরুজ্জামান জানান, “ চন্ডিপুর ইউনিয়নের কলারণ গ্রামে বসতঘরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই রহিম মাতুব্বর ও আসাদুল মোল্লার দুটি ঘরই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পাশের আরো ২টি ঘরে আগুন ছড়িয়ে পড়লেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শক সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে।”