• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ হতে চলেছে সিমন্স অধ্যায় , দেশি কোচের পথে বাংলাদেশ! 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
শেষ হতে চলেছে সিমন্স অধ্যায় , দেশি কোচের পথে বাংলাদেশ! 

এজাজ আল মাহমুদ সুজন

গেল বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছিল। হাথুরুর আগে প্রধান কোচের আসনে ছিলেন আরেক বিদেশি, দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো। এর আগে তাকালে ২০০৩ সালে সারোয়ার ইমরানের পরে সেভাবে আর কোনো দেশি কোচকে এই আসনে দেখা যায়নি। 

২০১৯ সালে স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। এর আগে ও পরে দীর্ঘ সময়ের জন্য বিদেশিদের ওপরেই ভরসা রেখেছিল বিসিবি। তবে দীর্ঘদিন পরে দেশি কোচকে প্রধান কোচের আসনে বসানোর সম্ভাবনা আবারও উঁকি দিচ্ছে। 

চলমান চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ফিল সিমন্সের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। পরিষ্কার করে বললে আগামীকাল পাকিস্তান ম্যাচ পর্যন্ত। তার পরে প্রধান কোচ হিসেবে কে আসবেন? সিমন্সের সঙ্গে চুক্তি বাড়বে কিনা, সেটি নিয়ে এই কোচের পক্ষ থেকে কিংবা বিসিবির পক্ষ থেকে গতকাল পর্যন্ত কোনো বার্তা পাওয়া যায়নি। টুর্নামেন্ট শুরুর আগে ফিল সিমন্সকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। ক্যারিবিয়ান এই কোচ সেই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। 

তবে টাইগার বাহিনীর বর্তমান পারফরম্যান্স অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে গিয়ে এক ম্যাচ হাতে রেখে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে নাজমুল হোসেন শান্তদের। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিরোধই গড়তে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। 

সিমন্সের পরে প্রধান কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনকে বেছে নেওয়া হতে পারে। তাকে যখন সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তখনই এই বিষয়ে অলিখিতভাবে একটা মত তৈরি হয়েছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো কিছু করতে পারলে ফিল সিমন্সের কথা হয়তো বিবেচনায় রাখত বিসিবি। কিন্তু এখন যে অবস্থা তাতে চুক্তির মেয়াদ না বাড়ানোর পথেই হাঁটছেন সকলে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। বিসিবির সভাপতি ফারুক আহমেদ ভাবছেন বিষয়টি নিয়ে। 

গতকাল বিসিবি সভাপতির কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি পরে জানাবেন বলে জানান। এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কোচ জানিয়েছেন, প্রধান কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনকে বেছে নেওয়া হতে পারে। তবে সবকিছু বিসিবির ওপরে নির্ভর করছে। বাংলাদেশের ক্রিকেট সংস্থাটি যেভাবে বিদেশি কোচদের ওপরে ভরসা রাখে, তাতে এবারও রাখলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। তবে এতদিন তো দেখা গেল বিদেশিরা কে কী করছেন, সেই জায়গায় দেশি কেউ প্রধান কোচ হলে খারাপ হয় না। 

নাজমুল হাসান পাপনের পরে বিসিবির সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। শুরু থেকেই তিনি দেশি কোচদের ওপরে ভরসা রাখছেন। জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনকে যুক্ত করার পরে আরও কয়েকজন দেশি কোচকে তিনি বিসিবির সঙ্গে যুক্ত করেছেন। নারীদের প্রধান কোচ হিসেবে অভিজ্ঞ সারোয়ার ইমরানকে বেছে নিয়েছেন। ফারুক বলেছিলেন, এই যাত্রা অব্যাহত থাকবে। তারই ধারাবাহিকতায় এবার শান্তদের প্রধান কোচ হিসেবে দেশি কাউকে দেখা যেতেই পারে। সেটি এখন সময়ের অপেক্ষা।