• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাছুরে ওজন কম, উদ্বোধন না করে ফিরে গেলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
বাছুরে ওজন কম, উদ্বোধন না করে ফিরে গেলেন ইউএনও

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দরিদ্র জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য নিয়ে আসা বাছুরের ওজন কম থাকায় বিতরণের উদ্বোধন না করেই নিজ কার্যালয়ে ফিরে গেছেন ইউএনও। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার।
জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের অংশ হিসেবে গৌরনদী উপজেলার ৩৫ জন জেলেদের মধ্যে বাছুর বিতরনের লক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে বকনা বাছুর নিয়ে আসে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তা বাছুর বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে আসেন। তবে বাছুরের ওজন কম থাকায় উদ্বোধন না করেই নিজ কার্যালয়ে ফিরে যান ইউএনও।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান জানান, প্রতিটা বাছুরের ওজন ৮০ কেজি করে থাকার কথা থাকলেও তুলনামূলক ভাবে বাছুরের ওজন অনেক কম। তাই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বাছুরগুলো ফেরত নিয়ে সঠিক ওজনের বাছুর সরবরাহ করতে বলা হয়েছে। অন্যথায় বাছুরগুলো গ্রহন করা হবেনা বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, যেসব জেলেদের মধ্যে বিতরণ করা হবে আমরা শুধু সেই তালিকা করেছি। বাছুর ক্রয়ের টেন্ডার পিডি অফিস থেকে করা হয়েছে। তিনি আরো বলেন, বাছুরগুলো গ্রহন না করে ফেরত পাঠানো হবে।
এবিষয়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠান ফোকাস ট্রেডিংয়ের মালিক আরিফুল ইসলামের ০১৭৭৩৪০৬০৯৯ নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। এমনকি তার পাঠানো প্রতিনিধি আসাদুল ইসলাম এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাছুরগুলো উপজেলার সামনেই বাঁধা অবস্থায় রয়েছে।