স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০১ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কোটালীপাড়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঘুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাকালে নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা ও মাথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা ব্যাজ বাঁধা ছিল।
পরে অনুষ্ঠিত পথসভায় জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আল-মাসুদ খান, প্রকাশনা সম্পাদক শওকত আলম আজাদ, কোটালীপাডা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: ছোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার আলী, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, পৌর জামায়াতে ইসলামীর আমির মুসনুর আহম্মেদ, সেক্রেটারি আক্তার দাড়িয়া বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর রেজাউল করিম বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্তৃক গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে মনোনীত করেছেন। আমি কথা দিচ্ছি সব সময় কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর সুখে দুখে পাশে থাকবো। আপনারাও আমার পাশে সব সময় থাকবেন। তিনি আরো বলেন, আমরা পবিত্র আল কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই। সব দল দেখা শেষ এবার হবে আল-কোরআনের বাংলাদেশ। আমরা সকলের মিলে শান্তিতে থাকতে চাই। আমাদের কোন দল নাই, আমরা সকলে ভাই ভাই।
তিনি আরো বলেন, কোটালীপাড়া-টুঙ্গীপাড়াবাসী আমরা সবাই ভাই ভাই। এটাই আমাদের পরিচয়। আমি ওসি সাহেবকে বলেছি কোন চিহ্নিত সন্ত্রাসী ছাড়া কোটালীপাড়ার কোন মানুষকে হয়রানী করা যাবে না। #