স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন বিলের পানিতে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন।
আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের কমল বালার ছেলে সদানন্দ বালা (৩৫) ও কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামের হরশিত পান্ডের ছেলে নিরঞ্জন পান্ডে (৩৫)।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, একটি নসিমনে বাঁশ ও গাছের গুঁড়ি বোঝাই করে কয়েকজন শ্রমিক শেওড়াবাড়ি থেকে কাজুলিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় নসিমনটি কাজুলিয়া এলাকায় পৌঁছালে চালক অপর একটি ভ্যানকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানির মধ্যে ফেলে দেয়। এতে নসিমনের নিচে পড়ে পানিতে ডুবে ঘটনাস্থলে দুই শ্রমিক সদানন্দ ও নিরঞ্জন নিহত এবং অপর দুইজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, আবেদনের প্রক্ষিতে বিনা ময়না তদন্তে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। #