রিয়াজ শরীফ:
বাকেরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা না থাকায় ৬ ফল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড ফল বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ফল ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা থাকার আহ্বান জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, পবিত্র মাহে রমজান মাসে কোন ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য সতর্ক করা হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বাজার মনিটরিং রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন হাট বাজার ও শপিংমলে চলমান থাকবে বলে জানান।