• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

“অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যে আজ শনিবার (০৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাখসানা লাকীসহ অনেকে বক্তব্য রাখেন।

অপরদিকে, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, যুব উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার দাস, পৌরসভার কর নির্ধারক শেখ মোস্তাইন বিল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, আমাদের সমাজে নারীদের সম্মান ও সমঅধিকার নিশ্চিত করতে হয়ে। যাতে নারীরাও সাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে পারে। নারীদের শিক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলে একটি শিক্ষিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। #