মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলায় ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাদ জাহানের নির্দেশে ভোলার বিভিন্ন উপজেলার অবৈধ ২০ টি ইটভাটা বন্ধ ও প্রায় ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে,
গত ৪ মার্চ মঙ্গলবার থেকে ৯ মার্চ রবিবার পর্যন্ত ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের নির্দেশে সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী আইন অমান্য করে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অবস্থিত নুরুল ইসলাম এর মালিকাধীন মেসার্স রুপালী ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা, একই এলাকায় অবস্থিত আব্দুল খালেক এর মালিকানাধীন মেসার্স ফাইভ স্টার ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা, চর জাঙ্গালিয়ায় অবস্থিত মেসার্স পান্না ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা, পশ্চিম চরপাতায় অবস্থিত মোঃ নাইম এর মালিকানাধীন মেসার্স বাঘা ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা ও ভেলুমিয়া ইউনিয়নের গাছালির মোড়ে অবস্থিত মেসার্স গাজী ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
বোরহানউদ্দিন উপজেলার বিএমবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় কৃষি জমিতে ইটা ভাটা স্থাপন করে ফসলি জমি ইটের কাচামাল হিসেবে ব্যবহার করায় এর সত্ত্বাধিকারীকে ইট প্রম্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধরায় ২,০০,০০০(দুই লক্ষ) টাকা জরিমানা,কাচিয়া ইউনিয়নের মোল্লা ব্রিক্স নামক অনুমোদনবিহীন একটি ইটভাটাকে একই ধারায় ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান,দেউলা ইউনিয়নে এম বি আই ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটাকে একই দাঁড়ায় ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দৌলতখান উপজেলায় অবৈধ তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্স না থাকায় মেঘনা ব্রিকসকে এক লাখ টাকা এবং লাইসেন্স নবায়ন না করায় যমুনা ও ওপি ব্রিকসকে ৫০ হাজার করে এক লাক টাকা মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
লালমোহন উপজেলায় অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ওয়াইবিএল নামে এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা,বদরপুর ইউনিয়নের মাহি ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে কাঠ পোড়ানোর দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চরফ্যাশনে অবৈধ ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ ও ৬ নং ধারা লঙ্ঘন করার অপরাধে উক্ত আইনের ১৫ ও ১৮ ধারায় উপজেলার আছলামপুর ইউনিয়নের আয়েশাবাগ এলাকার মেসার্স সততা ব্রিকসকে নগদ ৫ লাখ টাকা, আছলামপুর এলাকার মেসার্স এ আলী ব্রিকস, সামরাজঘাট এলাকার মেসার্স আনিশা ব্রিকস, হাজারীগঞ্জের মেসার্স সরমান ব্রিকস ও চর মাদ্রাজ ইউনিয়নের মেসার্স মধুমতি ব্রিকসকে নগদ ৬ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান,বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ মেহেদী হাসান,লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহ আজিজ,দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা
নিয়তি রাণী কৈরী,পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান বলেন, ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দণ্ডপ্রাপ্ত সকল ব্রিকসের স-মিল ধ্বংস, ট্রাক্টরের কাঁচা ইট ধ্বংস এবং ফায়ার সার্ভিসের পাম্প মেশিন দ্বারা ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে সকল কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।