স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১২ মার্চ) বিকালে টুঙ্গিপাড়া পৌর এলাকার ৩নং ওয়ার্ড এলাকা ও পাটগাতী বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে এদের গ্রেঢতার করা হয়।
সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি পান্না মৃধা ও পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সভাপতি মাসুদ মুন্সী।
থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলার দুই আসামী টুঙ্গিপাড়া পৌর এলাকার ৩নং ওয়ার্ড এলাকা ও পাটগাতী বাজারের সোনালী ব্যাংকের সামনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় টুঙ্গিপাড়া পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি পান্না মৃধাকে ও পাটগাতী বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সভাপতি মাসুদ মুন্সীকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যন্ড কলেজের সামনের লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতারের সময় পুলিশের উপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন। #