সোহাগ হাওলাদার,বরগুনা:
বরগুনায় এক রাতে জোড়া খুনের ঘটনা ঘটেছে। জেলার দুটি পৃথক স্থানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত ১ টার দিকে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন ঝোঁপ থেকে মন্টু চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের কর্দমাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মন্টু চন্দ্র দাস বরগুনা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি কড়ইতলা এলাকার মৃত জয়েশ্বর দাসের ছেলে।
অন্যদিকে বুধবার (১২ মার্চ) সকালে বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের বাওয়ালকর এলাকা থেকে মো. হোসেন ডাক্তারের ছেলে মো. মিরাজের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতেই মিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নিহত মিরাজ ও মন্টু চন্দ্র দাসের পরিবারের দাবী, দু’জনকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
এ বিষয় বরগুনার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মন্টু ও মিরাজের মরদেহ উদ্ধার করি। মিরাজের মুখমণ্ডলে ধারালো অস্ত্রের অসংখ চিহ্ন দেখে ধারনা করা হচ্ছে, প্রচণ্ড ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি আরো বলেন, এপর্যন্ত রফিক, কালু, শ্রীধাম ও বিপুল নামে চার জনকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।