• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঋণের টাকা শোধ ও ব্যবসা করতে ডাকাতি, প্রতিবন্ধী যুবককে হত্যা-গোপালগঞ্জের পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
ঋণের টাকা শোধ ও ব্যবসা করতে ডাকাতি, প্রতিবন্ধী যুবককে হত্যা-গোপালগঞ্জের পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড়া গ্রামের আলোচিত ডাকাতিকালে প্রতিবন্ধী যুবক পিয়াস মজুমদার হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ।

ঋণের টাকা শোধ ও ব্যবসা করতেই ডাকাতি করার সময় ওই প্রতিবন্ধী যুবককে হত্যা করা হয়। গ্রেফতারকৃত ৩ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাদ দিয়ে পুলিশ সুপার এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার (১৫ মার্চ) বিকালে পুলিশ সুপারের কায্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চোরখুলী গ্রামের আতাউর শেখের ছেলে সামিউল শেখ (৩৫). একই উপজেলার আশুতিয়া গ্রামের সোহরাফ খানের ছেলে মো. মোরশেদ ওরফে কামালকে (৪০) ও চোরখুলি গ্রামের রহম ভুইয়ার ছেলে শওকত ভুইয়া (৫০)। এদেরকে কোটালীপাড়া, গোপালগঞ্জ জেলা শহর ও বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে পুলিশ লুন্ঠিত ২৪ হাজার ১০০টাকা উদ্ধার করে।

পুলিশ সুপার জানান, হত্যা ও ডাকাতির ঘটনার দিন ১১ মার্চ নিহত পিয়াসের বাবা পল মজুমদার খোকন বাদি হয়ে থানায় একটি মামলা করেন। পরদিন ১২ মার্চ উপজেলার চোরখুলী গ্রাম থেকে সামিউল শেখকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে মো. মোরশেদ ওরফে কামালকে গ্রেফতার করা হয়। এরপর গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে গোপালগঞ্জ শহর থেকে শওকত ভুইয়াকে (৫০) গ্রেফতার করে পুলিশ। পরে এদের কাছ থেকে লুন্ঠিত ২৪ হাজার ১০০টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, এর আগে প্রথমে ৮ ও ১০ মার্চ ডাকাতির চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়। পরে ১১ মার্চ তার ঘটনাটি ঘটিয়েছে। ডাকাতি শেষে তারা লুন্ঠিত টাকা ও মালামাল ভাগাভাগি করে নেয় এবং সেটা টাকা দিয়ে ঋণ পরিশোধ করে। শওকত ভুইয়ার নামে ১১টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১মর্চ) কোটালীপাড়া উপজেলার লাখিরপাড় গ্রামের পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা তার ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বেঁধে হত্যা করে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে যায়। হত্যা ও ডাকাতির ঘটনায় ওই দিনই পল মজুমদার খোকন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। #