সোহাগ হাওলাদার,বরগুনা :
বরগুনায় ১০ বছরের এক পথশিশুকে শীলতাহানির অভিযোগে মোসলেম (৬৫) নামে এক ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে বরগুনা সদর থানার পুলিশ।
শনিবার (১৫ মার্চ) ভোর রাতে পৌরশহরের নয়াকাটা এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোসলেম সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী শিশুটি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজার এলাকার বাসিন্দা। শিশুটির বাবা ভিক্ষুক ও মা মানসিক প্রতিবন্ধী হওয়ায় ছোট দুই বোন বরগুনা সদর হাসপাতাল এলাকায় ভাসমান অবস্থায় থাকতো।
স্থানীয় সূত্রে জানাযায়, মোসলেম বরগুনা সদর হাসপাতালের সামনে ঝালমুড়ি বিক্রি করে। এই পথশিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় শীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি পুলিশকে জানালে ভোর রাতে শিশুটিকে উদ্ধার করে মোসলেমকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে সারারাত অভিযান চালিয়ে আমরা নির্যাতিতা শিশুটিকে উদ্ধার করি এবং তার দেয়া নির্যাতনকারীর দৈহিক গঠনের বর্ণনা অনুযায়ী তিনজনকে আটক করি। এদের মধ্যে একজনকে শিশুটি শনাক্ত করেছে, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।