• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি রকিবুল ইসলাম আফ্রিদির উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ রবিবার (১৬ মার্চ) সকাল ১১টায় দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকবৃন্দ। এসময় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দেন তারা।

পরে মানববন্ধন শেষ প্রতিবাদ সমাবেশে দৈনিক কালবেলার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের ইমরান শেখ, যায়যায় দিনের শওকত হোসেন মুকুল, দি ডেইলি ট্রাইব্যুনালের তরিকুল ইসলাম, আমার সংবাদের এসএম বিপুল ইসলাম, আজকের পত্রিকার সজল সরকার, খবর পত্রের আফজাল হোসেন, ভোরের কাগজের সফিকুল ইসলাম (শফিক), এশিয়ান টিভির হাফিজুর রহমান, আজকের দর্পনের ফারহান লাবিব বক্তব্য রাখেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান, গণ অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিদ আলম, সাধারন সম্পাদক মহসিন শেখ, দৈনিক আমাদের বার্তার রাকিব চৌধুরী, দৈনিক জবাবদিহির হাবিবুল্লাহ খান প্রমূখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহে ও উপজেলার বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রচার করায় সাংবাদিকের রকিবুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় গত ১১ মার্চ আহত সাংবাদিকের মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করলেও পাঁচ দিনে মাত্র ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। বাকিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এছাড়া হুকুমের আসামি হিসাবে আওয়ামী লীগ নেতা বাদশার নাম কেটে দিয়েছেন ওসি তদন্ত, যা খুবই দুঃখজনক। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে থানার সকল সংবাদ বর্জনেরও হুঁশিয়ারি দেন সাংবাদিকবৃন্দ।

এর আগে গত ১০ মার্চ সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার বর্নি ইউনিয়ন পরিষদের পাশে সাংবাদিক রকিবুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। #