• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারী নিহত, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারী নিহত, আহত ১০

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে ৩ নারীসহ অন্তত ১০জন আহত হন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার তেতুলবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিলা বেগম কাশিয়ানী উপজেলার তেতুলবাড়ি গ্রামের কাওসার মোল্লা স্ত্রী।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল বলেন, তেতুলবাড়ি গ্রামের শাহিদ মোল্লার সাথে বোরো ধানের জমিতে পানি দেয়া নিয়ে কাওসার মোল্লার সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

এর জের ধর রাতে শাহিদ মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কাওসার মোল্লার লোকজনের উপর অতর্কিতভাবে হামলা করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ৪ নারীসহ ১১ জন আহত হয়। পরে মারাত্মক আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষনা করেন।

মারাত্মক আহত মারুফা বেগম (১৮), মাহমুদা বেগম (১৮), কাওসার মোল্লা (৪৫), লিমন মোল্লা (২০), রিয়াজুল মুন্সী (২৩), হিরু মোল্লা (২৮) ও নুরু দাঁড়িয়াকে (৩০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। #