• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুকসুদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বিচার ও নিরাপত্তার দাবিতে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
মুকসুদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বিচার ও নিরাপত্তার দাবিতে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. আলম মোল্যার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাহিরবাগ গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য মো. আলম মোল্যা বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ৩ বছর ধরে প্রতিপক্ষ সেনাবাহিনীতে কর্মরত সেনা সদস্য রুবায়েত হোসেন, আইউব আলী মিয়ার ছেলে মহিদ মিয়া, তৌহিদ মিয়া, বারেক মিয়ার ছেলে পান্নু মিয়া, নিখিল দাসের ছেলে নিমাই দাসদের সাথে বিরোধ চলে আসছে। গেল ১৩ মার্চ আমাকে মেরে ফেলার উদ্দ্যেশ্যে সেনাবাহিনীতে কর্মরত সেনা সদস্য রুবায়েত হোসেনের লোকজন আমাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আমি মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করি।

তিনি আরো বলেন, প্রতিপক্ষরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকী দিচ্ছে। এতে আমরা আতঙ্কের মধ্যে আছি। আমি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবী জানাই। #