স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক মো: আবু হানিফ বলেছেন, আল্লাহর বিশেষ করুণা যে ফ্যাসিবাদি দেশ থেকে বিতাড়িত হয়েছে। এ দেশে রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে কিন্তু স্বাধীনতার ৫৩ বছরে দেশে গতানুগতিক রাজনীতির পরিবর্তন হয়নি। এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগের যদি বিন্দুমাত্র ফিরে আসার সম্ভাবনা থাকতো তাহলে আওয়ামী লীগ দেশে ছেড়ে পালিয়ে যেতো না।
আজ শনিবার (২২ মার্চ)বিকালে গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যাগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যাসিট আওয়ামী লীগের আমলে নিজেরা তো ইফতার মাহফিল করেইনি বরং অন্য কোন দলকে ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে দেয়নি। ইফতার মাহফিল করার মত সেই সক্ষমতা ছিলো না। আমরা যারা ভিন্ন রাজনৈতিক দল করি বা ভিন্ন মতের দল করি তাদের ইফতার মাহফিলগুলোতে ফ্যাসিবাদের সন্ত্রাসীরা বিভিন্নভাবে হামলা করতো।
গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আল আমিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে জামায়াত ইসলামীর জেলা শাখার সেক্রিটারী মোঃ আল মাসুদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হুসাইন শিকদার, গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, ছাত্র অধিকার পরিষদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জসিম উদ্দিন বক্তব্য রাখেন।
এ ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি এবং জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিসমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। #