ওয়াহিদ-উন-নবী,ববি প্রতিনিধি
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল পৌর শাখার উদ্যোগে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ৭০ জন রোগীর মাঝে সেহরির খাবার পৌঁছে দেওয়া হয়, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
সেহরি বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা ছাত্রদলের বাউফল পৌর শাখার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জুবায়ের আল মামুন বলেন, “রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। অনেক রোগী ও তাদের স্বজন আর্থিক সংকটের কারণে ঠিকমতো সেহরি করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা চিকিৎসা গ্রহণ করেন। অনেকের বাড়ি ফেরার সুযোগ হয় না। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের এই উদ্যোগ। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থী ও জনগণের ন্যায্য দাবি আদায়ে কাজ করে এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।”
আয়োজকেরা জানান, ছাত্রদল মানুষের পাশে থাকতে চায় এবং সামাজিক দায়িত্ববোধ থেকে কাজ করে যেতে আগ্রহী। তাদের বিশ্বাস, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।