বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলায় ঢাকাগামী রাজিব পরিবহন বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মোঃ নাঈমুজ্জামান শুভ, মোঃ শান্ত, এবং মোঃ নাদিম।
খোঁজ নিয়ে জানা যায় তিনবছর আগে তাদের আরও এক ভাই পানিতে ডুবে মারা যায়। নিহতদের মধ্যে বড় ভাই শুভ ঢাকায় চাকরি করে পরিবারের খরচ বহন করত। এ ছাড়া, ছোট দুই ভাই শান্ত এবং নাদিম পড়াশোনা করতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রাজিব পরিবহনের ঢাকাগামী একটি বাস। পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থাকা মোটরসাইকেল আরোহী আপন তিন ভাই নিহত হন। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ, তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, নিহত তিন ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক রাজিব পরিবহনের বাসটিকে জব্দ করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।