গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদীতে গুচ্ছগ্রামের শিশু-কিশোরীদের নিয়ে মেহেদী উৎসব পালন করা হয়েছে। রোববার সকালে গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন টরকীর চর গুচ্ছ গ্রামের শিশুদের নিজ হাতে আল্পনা একেঁ উৎসবের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। উদ্বোধনের পরপরই শিশু-কিশোরীদের সাথে মেহেদী উৎসবে মেতে ওঠে গুচ্ছগ্রামের গৃহবধুরা।
জানা গেছে, জিবিডিসি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে। এতে সংস্থার নারী সদস্যদের পাশাপাশি অংশগ্রহন করে পুরুষ সদস্যরা। গুচ্ছগ্রামের প্রবীন বাসিন্দা আবুল কাসেম জানিয়েছেন, গুচ্ছগ্রামের শিশু-কিশোরীরা ঈদের সময়ও আনন্দ উল্লাস থেকে বঞ্চিত থাকে। আনন্দ বঞ্চিত সেই শিশু-কিশোরীদের জন্য মেহেদী উৎসব ভিন্নমাত্রা যোগ করেছে। অপরদিকে ঈদের আগের দিন মেহেদীর রঙে নিজেদের হাত রাঙাতে পেরে উচ্ছাস প্রকাশ করেছে গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরীরা।
স্বেচ্ছাসেবী সংস্থা জিবিডিসি’র পরিচালক ও বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন বলেন, সবার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কাজ করে যাচ্ছে জিবিডিসির সদস্যরা। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবছরও গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরীদের হাত মেহেদীর রঙে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি কিছু খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আমাদের এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
উৎসবে অংশগ্রহনকারী গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, আগেরমত সামাজিক কর্মকান্ড সমাজে এখন আর খুব বেশি একটা দেখা যায়না। এক্ষেত্রে জিবিডিসি স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক এই উৎসবকে আমরা স্বাগত জানাই। সকল সামর্থবান মানুষের উচিৎ নিজেদেরকে সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রাখা।