স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (৩১ মার্চ) দুপুরে কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ সাজিদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত বেথুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এনায়েত হোসেন মিয়ার ছেলে।
ওসি মির মোঃ সাজেদুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে দিদার হত্যা মামলার সন্দেহভজন আসামি বেথুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান নিজ এলাকা রামদিয়া গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
এসময় ওই স্থান থেকে ইউপি চেয়ারম্যান ইমরুল হাসানকে গ্রেফতার করা হয়। পরে তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। #