• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমহাসহ ফিলিস্তিনের জনগনের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এ ঈদ জামাতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ১০ হাজার সাধারন মুসল্লীরা অংশ নেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমহাসহ ফিলিস্তিনের জনগনের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ।

এরপর ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টা ২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয়। এছাড়া আধা ঘন্টা পরপর সুবিধামত সময়ে জেলার বিভিন্ন মসজিদ ও উপজেলা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সকলের সাথে গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে নামাজ পড়লাম। আগামী দিনে আমরা গোপালগঞ্জকে একটি সমৃদ্ধ জেলা হিসাবে গড়তে চাই। দেশে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে আশা করি তা অল্প সময়ের মধ্যে কেটে যাবে এবং একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জবাসীসহ দেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানাই।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, আজকে কেন্দ্রীয় ঈদগাহে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হলো। আমরা মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করেছি যে, এই দেশকে যেন উন্নতি করে, সমৃদ্ধ করে এবং আমরা সকলে যে দেশ প্রেমে উজ্জ্বীবীত হয়ে এই দেশের উন্নতি করতে পারি। সকলের প্রতি ঈদের শুভেচ্ছা রইল। #