হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি ::সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন হামছাপুর রশিদ পুর নুরুল উলূম মাদ্রাসার ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮.৩০ মিনিটের সময় হাজারো মুসল্লির অংশগ্রহণে এ বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়।
সকালের সূর্যের প্রথম কিরণ ছড়ানোর সঙ্গে সঙ্গে ঈদের উৎসবমুখর আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। নতুন পোশাকে শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণসব বয়সের মানুষ ঈদের নামাজ আদায়ে ছুটে আসেন ঈদগাহ মাঠে। ধনী-গরিব, প্রবাসী-দেশীয়—সবাই এক কাতারে এসে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। সকাল সাতটা থেকেই মুসল্লিদের ঢল নামতে শুরু করে। নির্ধারিত সময়ের আগেই মাঠ পূর্ণ হয়ে যাওয়ায় অনেকে মাঠের বাইরেও নামাজ আদায় করেন।
নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর মুক্তি কামনায় অশ্রুসিক্ত মোনাজাত করা হয়। হাজারো হাত একসঙ্গে তুলে প্রার্থনা করলে ঈদগাহ প্রাঙ্গণ এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।
বৃহৎ এই জামাতে ইমামতি, খুতবা ও মোনাজাত পরিচালনা করেন হামছাপুর রশিদ পুর নুরুল উলূম মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা রফিক আহমদ ( মাকড়সীর হুজুর)। নামাজের পূর্বে ঈদের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাদ্রাসার মুতামিম মুফতি মাওলানা আলী আহমদ নোমান, মাদ্রাসার শিক্ষক মাওলানা জিল্লুর রহমান, হামছাপুর গ্রামের কৃতি সন্তান মুফতি হাফিজ নজরুল ইসলাম,
বিএনপির নেতা যুক্তরাজ্য প্রবাসী আসাদুজ্জামান আহমেদ বলেন, “ ঈদের নামাজে শরিক হতে পেরে মন ভরে গেল। ভোরের শীতল হাওয়ায় দোয়া করার অনুভূতিটাই আলাদা!”।
স্থানীয় হামছাপুর মাকড়সী কালীগঞ্জ মদিনাতুল উলূম মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মিছবাহ উদ্দিন মিছলু বলেন, “প্রতিবারের মতো এবারও সবার
সাথে ঈদের নামাজে শরিক হতে পেরে মন ভরে গেল।
নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলির মাধ্যমে পালন করলেন ঈদের ঐতিহ্য। স্থানীয় প্রশাসনের কঠোর নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। পাশাপাশি, ফিতরা বিতরণের মাধ্যমে গরিবদের মুখে হাসি ফোটানোর কর্মসূচিও চলেছে জোরেশোরে।
মোনাজাত শেষে ঈদগাহ প্রাঙ্গণে সৃষ্টি হয় ভ্রাতৃত্বপূর্ণ এক আবহ। মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। শিশুদের উচ্ছ্বাস, বয়োজ্যেষ্ঠদের হাসিমুখ আর প্রবাসীদের আবেগঘন মুহূর্তে ঈদের আনন্দ আরও গভীর হয়। নামাজ শেষে অনেকেই আপনজনদের কবর জিয়ারত করতে যান ও প্রিয়জনদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।