স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৪৫৬ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জে ৪৩ হাজার মানুষের জন্য তৈরী করা হবে ফ্লাড সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়। জেলার ৫ উপজেলার বিভিন্ন গ্রামে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ৬৭টি ৪তলা ভবন নির্মানের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
অভিযোজন বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে টেকসই অবকাঠামো (রিভার) প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইড)।
প্রকল্প বাস্তাবায়ন উপলক্ষে আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করা হয়। গোপালগঞ্জ এলজিইডি অফিস আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন এলজিইডির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৗশলী মোঃ শরিফ উদ্দিন। প্রশিক্ষণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে রিভার প্রকল্পের প্রকল্প পরিচালক অরুণ কুমার চৌধুরী বক্তব্য রাখেন। প্রশিক্ষণে এলজিইডি গোপালগঞ্জের পাঁচ উপজেলায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।কর্মশালায় গোপালগঞ্জের বিভিণ্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #