• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিদার হত্যা মামলা : গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ণ
দিদার হত্যা মামলা :  গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন আনুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৭ এপ্রিল) রাতে গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন আনু কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের পদ সামলেছেন।

ওসি মির মো: সাজেদুর রহমান জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি ও নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার হোসেন আনু বেদগ্রাম এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন আনুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। #