• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৫, ১৩:৫২ অপরাহ্ণ
বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল :
বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মোঃ মাসুদুর রহমান (৪৫)। তিনি নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। মাসুদের পরিবারের অভিযোগ বুধবার প্রেমিকা কৌশলে তাকে বাসায় ডেকে নিয়ে ছুড়ি দিয়ে আঘাত করেন। ঐদিন রাতেই তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।

মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে তিনি কলেজ রো এলাকার শওকত মোল্লার মেয়ে শান্তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। শান্তা তাকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিল বিষয়টি তিনি বুঝতে পারেননি। বুধবার বেকারির মালামাল আনার জন্য ২ লক্ষ টাকা নিয়ে তিনি রওনা হলে শান্তা ফোন করে তাকে বাসায় ডাকে। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেয়ার জন্য জোড়াজুড়ি করলে মাসুদুর রহমান দিতে অস্বীকৃতি জানায়। এসময় শান্ত থাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় আমার ভাই মাসুদকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার আমরা হামলার বিষয়টি জানতে পেরে গঠনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করি। তখন হামলার শিকার মাসুদুর রহমান বলেন তিনি জুতার রেক থেকে পড়ে গিয়ে কাছের কোন জিনিসে পেটে আঘাত পেয়েছেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও তখন জানিয়েছেন তাই আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে। ওসি মিজান বলেন মাসুদুর রহমানের সাথে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদুর রহমান বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে সেহেতু আমরা বিষয় নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।