স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপির রাজনীতি এবং শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের দেশ প্রেম নিয়ে জানার জন্য কর্মিদের প্রতি আহবান জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা।
আজ শনিবার (১৯ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবক দলের গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর কর্মীসভায় তারা এ আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাসির আহমেদ মোল্লা বলেন, কর্মীদেরকে, জনগনকে ভালবাসেন। তারা জানুক বিএনপি কি জিনিস, স্বেচ্ছাসেবক দল কি জিনিস। টিম করে পাড়ায় মহল্লায় পাঠান।
একই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুল হুদা বাবু বলেন, ৫ আগষ্ট ফ্যাসিষ্ট পালিয়ে যাবার পর দেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতায় ভারসাম্য থাকতে হবে। কেউ এককভাবে বেশি ক্ষমতাসম্পন্ন হবে না। এতে গণতন্ত্র রক্ষা পাবে। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। আমাদের মানুষের আস্থা অর্জন করতে হবে।
একই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: হারুন-অর-রশিদ বলেন, এই রাষ্ট্র মেরামতের প্রয়োজন, সংস্কারের প্রয়োজন, নির্বাচনের প্রয়োজন। জনগণ যাতে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনেত পারে সেই প্রচেষ্টা আমাদের করতে হবে।
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল করির দাড়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #