ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সহ একই গ্রামের ৩ পরিবারের ৬টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের আউড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিন পরিবারের প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের দরিদ্র কাজল বেগমের আনুমানিক ৩ লক্ষ টাকা দামের ১টি গাভী ও ১টি বলদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহিন গাজীর ১ লক্ষ বিশ হাজার টাকা মূল্যের ২টি গাভী ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলামিন শেখের দেড় লক্ষ টাকা মূল্যের ২টি গরু নিয়ে গেছে চোরাই চক্র।
সংঘবদ্ধ চোরাই চক্রটি দীর্ঘদিন ধরে এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ন গরু, ইজিবাইক, অটোরিক্সাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া এই চক্রটি বিভিন্ন বাড়িতে চেতনানাশক স্প্রে দিয়ে সর্বস্ব চুরি করে আসছে।
দরিদ্র কাজল বেগম জানান, অনেক কষ্ট করে দুটি গরু লালন-পালন করছি। কিন্তু চোরেরা আমার শেষ সম্বলটুকু নিয়ে গেছে।
এব্যাপারে ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা মোঃ রেজা করিম জানান, গরু চুরির ঘটনা শুনেই আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এছাড়া আশে পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। চোরাই গরু উদ্ধারে আমরা সবার্ত্মক চেষ্টা চালাচ্ছি।