স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা ও ১ লাখ ৫ হাজার টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া ও নকড়িরচর গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর শরীফপাড়া এলাকার কামরুল শরীফের স্ত্রী সোনিয়া বেগম (৩৬) ও একই উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকড়ির চর গ্রামের মৃত হালিম শেখের ছেলে ওবায়দুল (৩৩)।
সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদকের চালান বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোনিয়া বেগমকে গ্রেফতার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে তার স্বামী কামরুল শরীফ (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরো জানান, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে নকড়িরচর গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ১ লাখ ৫ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ ওবায়দুলকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, এরা দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এদের নামে মাদক দ্রব্য আইনে মামলা করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। #