পুনম মিত্র, একাধারে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। সম্প্রতি নতুন একটি গান নিয়ে প্রকাশ্যে এসেছেন তিনি। শিরোনাম ‘এলোরে বৈশাখ’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইবনাত সালমা। গানটি নববর্ষ উপলক্ষ্যে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এটি লিখেছেন মো. জামাল হোসেন, সুর ও সংগীতায়োজন করেছেন পুনম মিত্র। এ গান প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈশাখের আগে খুব কম সময় পেয়েছি গানটি করার জন্য। তারপরও ঠিকঠাকভাবে কাজ শেষ করে রিলিজ দেওয়া হয়েছে। প্রথম দিন থেকেই এত অভূতপূর্ব সাড়া পাব, ভাবিনি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ভালোলাগা এটাই যে, বছরজুড়ে কিংবা বিশেষত বৈশাখ এলে এ গান শহরে বন্দরে গ্রামগঞ্জে বেজে উঠবে ঘরে ঘরে মেলায় মেলায়। এ বছরের বৈশাখী গানের মধ্যে আমার গানটা ট্রেন্ডিংয়ে আছে, শিল্পী হিসাবে এটাই আমার প্রাপ্তি।’ এদিকে শিগগিরই এ শিল্পীর কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে কোনালের সঙ্গে দ্বৈত গান ‘আমি চাঁদের জোছনা হয়ে’। আগামী ২৪ এপ্রিল প্রকাশ পাবে পুনমের কথা ও সুরে ‘তোমার ছায়ায় প্রেম’ নাটকের ‘লুকোচুরি চাঁদ’ শিরোনামের গান, যাতে তার সহশিল্পী মধুবন্তী নন্দী।