হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি:: বাংলা জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, বর্তমান সময়ে মুসলমানদের দুর্দিনের বড় একটি কারণ হলো, মুসলমানরা তাদের উম্মাহ চেতনা হারিয়ে ফেলেছে। মুসলমানরা আজ শতধা বিভক্ত। গাজায় যখন ইতিহাসের ভয়াবহ ধ্বংসজজ্ঞ চলছে, আরবে তখন কনসার্টের মহাসমারোহ চলছে, নর্তকিদের উলঙ্গ নৃত্য প্রদর্শিত হচ্ছে। আমাদের দেশীয় কিছু নামধারী মুনাফিক তখন প্রতিবাদীরা নামাজি কি না, সেই উত্তর খোঁজেন। ভারতের গুজরাটে ভয়াবহ যে মুসলিম নির্যাতন হলো, এর কুশীলবকে নিয়ে সৌদি আরবে সংবর্ধনা দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মুসলমানদের এমন দুর্দিনেও আমরা আশার আলো দেখতে পাই। মুসলিম বিশ্বের পর্যাপ্ত সহযোগিতা ছাড়াই গাযায় মুসলমানরা শক্তিধর তাগুতি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। আফগানিস্তানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের বাহিনীকে বিতাড়িত করেছেন মুসলমানরা। এর পেছনে যেটি সবচেয়ে বেশি কাজ করেছে সেটি হলো, মুসলমানদের ঈমানি শক্তি। মুসলমানরা কারো সাহায্যের উপর, কোনও অস্ত্রের উপর নির্ভর না করে বরং আল্লাহর সাহায্যের উপর নির্ভর করে তাগুতি শক্তির বিরুদ্ধে দুনিয়ার নানাপ্রান্তে লড়ে যাচ্ছেন। সেজন্য আমাদের এ বিশ্বাস রাখতে হবে, মুসলমানরা ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে তাগুতি শক্তির বিরুদ্ধে দাড়ালে এর প্রতিরোধ করার সাধ্য কারও নেই।
শনিবার, ২৬ এপ্রিল,বালাগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত “উম্মাহ’র স্বার্থে মুসলমানদের যুগে যুগে ত্যাগ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন।
তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা সভাপতি মারুফ তালুকদার মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জুবায়ের আহমদ এর সঞ্চালনায় সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, বালাগঞ্জ উপজেলা ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের সভাপতি হাফিজ ফাতির আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ তৌরিছ আলী, সংগঠনের বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি জুনেদ আহমদ, নাজমুল ইসলাম শিহাব, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক হাফিয আবুল কালাম, সদস্য নুরুল ইসলাম, হাফিজ সাইদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা সহ-সভাপতি আফছার আলী, সহ সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন, আল আমিন, চান্দাইপাড়া শাখা সভাপতি শাহিন আহমদ, বালাগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, প্রচার সম্পাদক রাহেল আহমদ, সহ-প্রচার সম্পাদক জুবেল আহমদ প্রমুখ।