ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রশাসনের বিরুদ্ধে চার দফা দাবিতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা প্রতীকী কফিন মিছিল ও গায়েবানা জানাজা আয়োজন করেন।
এই কর্মসূচির মাধ্যমে প্রতীকীভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, প্রশাসন তাঁদের ন্যায্য দাবিদাওয়া না মেনে উল্টো হয়রানিমূলক পদক্ষেপ নিচ্ছে। এসব অনাচারের প্রতিবাদ ও প্রশাসনের বিরুদ্ধে নেওয়া মামলা ও সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—
১. ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনের বিরুদ্ধে আনা ‘মিথ্যা’ অভিযোগ প্রত্যাহার এবং তাঁকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা।
২. আওয়ামী লীগপন্থী রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ।
৩. ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ।
৪. ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের দায় স্বীকার করে উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন পরিকল্পিতভাবে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছে এবং গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করছে। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এই প্রতিবাদ কর্মসূচি ক্যাম্পাসজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের আন্দোলনের নতুন মাত্রা যোগ করে।