ওয়াহিদ-উন-নবী,ববি প্রতিনিধি
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানবিক সহায়তা কেন্দ্র চালু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সংগঠনটি জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের চাপ লাঘব ও প্রয়োজনীয় সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভর্তি পরীক্ষার সময় যেন শিক্ষার্থীরা নিরাপদ, স্বস্তিকর ও সহযোগিতাপূর্ণ পরিবেশে থাকতে পারেন, সে উদ্দেশ্যে ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অস্থায়ীভাবে চালু করা এই সহায়তা কেন্দ্রে রয়েছে বিশুদ্ধ পানীয় জল, কলম, পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম, ওরস্যালাইন ও তথ্য সহায়তা সেবা। এছাড়াও পরীক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য, বাসস্থান সংক্রান্ত সহায়তা, প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের স্থান, এবং যাতায়াত ব্যবস্থার তথ্য প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে বিশেষ তথ্য ও দিকনির্দেশনা সেল।
শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্যও রাখা হয়েছে বিশ্রামস্থল, ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের নিরাপদ স্থান। এতে অভিভাবকদের মাঝেও স্বস্তি ও কৃতজ্ঞতার প্রকাশ লক্ষ করা গেছে।
ছাত্রদলের এই উদ্যোগ পরীক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেক শিক্ষার্থী জানায়, অচেনা শহরে এসে পরীক্ষায় অংশগ্রহণ করা অনেকটা চ্যালেঞ্জের মতো হলেও ছাত্রদলের সহায়তায় তারা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পেরেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ ইসলাম শান্ত বলেন, “মানবতার পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির মূল পরিচয়। ছাত্রদল তার কার্যক্রমের মাধ্যমে সেটাই প্রমাণ করছে।” তিনি আরও বলেন, “আমরা শুধু রাজনৈতিক স্লোগানে সীমাবদ্ধ থাকতে চাই না, বাস্তবে মানুষের পাশে দাঁড়িয়েই ছাত্ররাজনীতির দায়িত্ব পালন করতে চাই।”
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, তারা ভর্তি পরীক্ষার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের পাশে থাকতে চান। সঠিক দিকনির্দেশনা ও তথ্য দিয়ে শিক্ষার্থীদের মানসিক চাপ কমিয়ে পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে আসছে। ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করছি, যেন পরীক্ষার্থীরা যথাসম্ভব সহায়তা পান। অভিভাবকদের জন্যও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি।”
ছাত্রদলের নেতারা আরও জানান, ভর্তি পরীক্ষার সময় তথ্য ও সহায়তা কেন্দ্র, বিশ্রামস্থল, পানীয় জল সরবরাহ, ও তৎক্ষণাৎ তথ্যসেবা প্রদান করে তারা একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করতে চায়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থেকে এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।
উল্লেখ্য, ২ মে ২০২৫, শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী গুচ্ছভুক্ত সি ইউনিট (ব্যবসায় শিক্ষা শাখা)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই পরীক্ষা ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়, যার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় অন্যতম।