স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল গেটের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে গিয়ে শেষ হয়।
সোমবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জেলার কোথাও প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল করতে দেখা যায়নি। এছাড়া বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলকেও কোন ধরনের মিছিল করতে দেখা যায়নি।
গোপালগঞ্জ বরারবই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটের মাধ্যমে জয় লাভ করেছে।
তবে ৫ আগষ্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় পুরো চিত্র। হামলা-মামলার ভয়ে গাঁ ঢাকা দেয় নেতা কর্মীরা। এর আগে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগ।
এব্যাপারে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, উপদেষ্টাদের প্রেসব্রিফিং এ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের সাথে কথা বা আলোচনা করা উচিত ছিল। নিষিদ্ধের বিষয়টি জনগনের উপর ছেড়ে দিতে হবে।
জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান বলেন, যে কোনো অন্যায়ের বিচার হওয়া উচিত। অন্যায়ের বিচার না হলে বারবার সংঘটিত হতে পারে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সারা বাংলাদেশে অর্থনীতির উপরে, সমাজের উপরে, ভোটের উপরে, গণমাধ্যমের উপরে তারা যে নগ্ন হস্তক্ষেপ করেছে তাদের জন্য এমন কঠিন সিদ্ধান্ত হওয়াই উচিত ছিল।
তিনি আরো বলেন, বাকিটা কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেয়া হবে, সেভাবেই আমরা কাজ করবো। তবে এ ব্যাপারে আওয়ামী লীগ নেতারা এলাকায় না থাকায় ও তাদের ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। #