খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ‘নীল বাস’ শুধু একটি যাতায়াতের বাহন নয়, বরং এটি হয়ে উঠেছে ভালোবাসা, বন্ধুত্ব আর স্মৃতির প্রতীক। কেউ বলে ‘স্মৃতির বাহন’, কেউবা ‘বন্ধুত্বের গল্পকথা’। বিশ্ববিদ্যালয়ের বাইরের এবং ভেতরের পথচলায় এই বাস যেন জীবন্ত এক অনুভূতির নাম।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই শিক্ষার্থীদের মনে জায়গা করে নেয় নীল বাসের নাম। ক্লাসের প্রথম দিন, প্রথম যাত্রা, নতুন বন্ধু, জানালার পাশে বসে বাতাস উপভোগ, দলবদ্ধ ছবিতোলা—সব মিলিয়ে শুরু হয় এক অভিজ্ঞতার যাত্রা। প্রতি বছরের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এটি শুধু পরিবহন নয়, বরং ক্যাম্পাস জীবনের অংশ।
অন্যদিকে, শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য এটি বিদায়ের এক নীরব সঙ্গী। শহর থেকে ক্যাম্পাস কিংবা ক্যাম্পাস থেকে ফেরার পথে এই বাসে জমে ওঠে হাজারো গল্প, হাসি-কান্না আর প্রেম-বিরহের স্মৃতি।
ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এক শিক্ষার্থী বলেন, “প্রথম দিন যখন উঠলাম, তখনই বুঝলাম এটার সঙ্গে আমার বিশ্ববিদ্যালয় জীবনের এক গভীর সম্পর্ক গড়ে উঠবে। কখনো জায়গা না পেলে মন খারাপ, আবার একটা সিট পেলে কী আনন্দ!”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নীল বাস একটি গুরুত্বপূর্ণ নাম। বর্তমানে ১৩টি বড় বাসসহ মোট ১৬টি যানবাহন রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ২০২৩ সালের ৫ নভেম্বর যুক্ত হয় আরও একটি নতুন বাস।
একজন দীর্ঘদিনের চালক বলেন, “১৯৯৮ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাস চালাচ্ছি। এই নীল বাস শুধু তোমাদের না, আমাদেরও অনেক স্মৃতির সঙ্গী।”
পরিশেষে বলা যায়, নীল বাস খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জীবনে একটি গভীর আবেগের নাম। ক্লাস, বন্ধুত্ব, প্রেম, বিদায়, আলোচনা—সব কিছুতেই আছে এই বাসের উপস্থিতি। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্মৃতির রঙে রঙিন হয়ে থাকবে এই “নীল বাস”।