গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : খালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় বিএনপি নেতা আব্দুস সালামকে দায়ী করে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এঘটনায় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় জামিনে বের হয়েই বিএনপি নেতা সালামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে আসামীদের বিরুদ্ধে। আসামীদের অব্যাহত হুমকিতে চরম আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী বিএনপি নেতার পরিবারের। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা গ্রামের।
মঙ্গলবার দুপুরে ওই গ্রামের বাসিন্দা ও বার্থী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম অভিযোগ করে বলেন, ‘গত কয়েকদিন পূর্বে ধানডোবা এলাকায় সরকারি খাল দখল করে দোকান নির্মান কাজ শুরু করে স্থানীয় সরোয়ার হাওলাদার। খবরপেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের নেতৃত্বে খালের মধ্যে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। ঘটনার বিষয়ে আমি কিছু না জানলেও অবৈধ স্থাপনা উচ্ছেদে আমার হাত আছে বলে আমাকে (সালাম) দায়ী করে আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথার একাধিকস্থানে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এনিয়ে আামার ছেলে ছাত্রদল নেতা আরমান হোসেন গৌরনদী মডেল থানায় সরোয়ার এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করে’। সম্প্রতি সরোয়ারের সহযোগী কাসেম ও রাজনের জামিন নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে এসেই আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। তাদের অব্যাহত হুমকিতে পরিবার নিয়ে আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।