• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লঘুচাপ : বঙ্গোপসাগর উত্তাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২৫, ১৪:৪৩ অপরাহ্ণ
লঘুচাপ : বঙ্গোপসাগর উত্তাল

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল রয়েছে সমুদ্র সৈকত এবং বৃদ্ধি পেয়েছে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা। এছাড়া লঘুচাপের প্রভাবে কক্সবাজার জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এই পরিস্থিতিতে কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল থেকে উপকূলের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং কাছাকাছি এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, এখন লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

এর প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটিার বৃষ্টি রের্কড করেছে আবহাওয়া অফিস।