ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি :
২৭ মে ২০২৫, মঙ্গলবার — বরিশালের কর্ণকাঠীর অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি ওয়ার্কশপ। “Rebuilding Earth’s Future” শিরোনামে এই কর্মসূচির আয়োজন করে পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন Geo Avengers।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় ওয়ার্কশপটি সফলভাবে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব এবং করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
Geo Avengers-এর Chief Development Officer (CDO) নীতুন পাল বলেন,
> “পৃথিবীর ভবিষ্যৎ পুনর্গঠনে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”
সংগঠনটির Chief Motivation Officer (CMO) দিলারা ইসলাম অপি বলেন,
> “তোমরা জানো, জলবায়ু মানে শুধু বৃষ্টি আর রোদ না – এটা হলো পৃথিবীর মেজাজ। হ্যাঁ ঠিক ধরেছো, পৃথিবীও আমাদের মতো রাগ করে, কাঁদে, হাসে! তাই আমাদের পৃথিবীকে কষ্ট না দিয়ে তার মন ভালো রাখতে হবে যেন পৃথিবী আমাদের ভালো রাখতে পারে।”
আরেক বক্তা মো. মিনহাজুর রহমান শিহাব তাঁর আলোচনায় গ্লোবাল ওয়ার্মিং মোকাবিলায় গাছ লাগানো, পুনর্ব্যবহার (রিসাইকেল) ও পুনরায় ব্যবহার (রিইউজ) এর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এই ওয়ার্কশপটি ছিল প্রাণবন্ত, আকর্ষণীয় ও শিক্ষণীয়। এতে ছিল গেম, দলীয় কার্যক্রম ও মজাদার ইন্টার্যাকটিভ সেশন। শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষায় নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং ভবিষ্যতে পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল আগামী প্রজন্মকে জলবায়ু সংকট মোকাবিলায় প্রস্তুত করা এবং টেকসই ভবিষ্যতের পথে একসঙ্গে এগিয়ে চলা। Geo Avengers-এর এই উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।