• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নারী ক্ষমতায়ন ও আইনি সহায়তা  বৃদ্ধিতে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২৫, ১৪:২৭ অপরাহ্ণ
নারী ক্ষমতায়ন ও আইনি সহায়তা  বৃদ্ধিতে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা

বরগুনা জেলা প্রতিনিধিঃ
নারী ক্ষমতায়ন ও আইনগত সহায়তা দেয়ার লক্ষে বরগুনায় সেবা মানব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে ‘নাগরিকতা প্রকল্প’-এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটির আর্থিক সহযোগিতায় রয়েছে সুইজারল্যান্ড দূতাবাস, কানাডা ও জার্মানির উন্নয়ন সংস্থা জিএফএ কনসালটেন্সি ফার্ম।

বুধবার (২৮ মে) বরগুনা সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন আরাফাত রানা।

জানা যায়, নাগরিকতা প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়ন তৈরি করাই মূল লক্ষ্য। এছাড়া নারীদের সচেতনতা সৃষ্টি, আইনী পরামর্শ, জীবনমানের উন্নয়ন, নারীদের আয়ের উৎস সৃষ্টিতে সহায়তা এবং গ্রাম আদালত সক্রিয় করা হবে। তিন বছর মেয়াদি এই প্রকল্পটি চলবে জুন ২০২৭ পর্যন্ত। প্রকল্পের মাধ্যমে বরগুনা সদর উপজেলার বদরখালি, আয়লাপাতাকাটা, বুড়িরচর ও ফুলঝুড়ি- এই চারটি ইউনিয়নের ১২শ জন সুবিধাবঞ্চিত নাগরিক সরাসরি এবং ৫ হাজার নাগরিক পরোক্ষভাবে উপকৃত হবেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বরগুনা প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক, ইউপি সদসদস্যসহ  নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন নাগরিকতা প্রকল্পের বরগুনা সদর উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর ঝর্ণা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, “প্রত্যেকটি ইউনিয়নের নিষ্ক্রিয় বা অর্ধসক্রিয় গ্রাম আদালতগুলোকে সক্রিয় করা জরুরি, যা নাগরিকতা প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি লিগ্যাল এইড সেবা টেকসইভাবে কার্যকর রাখার দিকেও নজর দেওয়া প্রয়োজন। এছাড়া এ সভা স্থানীয় পর্যায়ে নাগরিক অধিকার, নারী ক্ষমতায়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. ইয়াসিন আরাফাত রানা বলেন, “এটি অর্থ বিতরণমূলক প্রকল্প নয়, বরং একটি সমাজ উন্নয়নভিত্তিক প্রকল্প। এটি সেই রকম একটি প্রকল্প। আমি মনে করি এ প্রকল্প দিয়ে এই এলাকার জনগন উপকৃত হবে পাশাপাশি এ কাজের মাধ্যমে কমিউনিটিতে আপনাদের সুন্দর একটি সম্পর্ক তৈরী হবে। আমরা সরকারি দপ্তরের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করবো। পাশাপাশি দুর্যোগ কালীন সময়ে আপনাদের পাশে চাই।”