মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিনিধি:
তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
৩১ মে (শনিবার) সকাল সাড়ে ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চত্বর হতে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে তিনি বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ দিনে, “তামাক মুক্ত দিবস”-এ আমরা একত্রিত হয়েছি একটি মহৎ ও সময়োপযোগী উদ্দেশ্যে—আমাদের সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং সর্বোপরি আমাদের আগামী প্রজন্মকে তামাকের ক্ষতিকর ছোবল থেকে রক্ষা করার অঙ্গীকারে। তামাক শুধু একজন ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য হুমকি। এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, যেমন—ক্যানসার, হৃদরোগ, শ্বাসকষ্টসহ নানা প্রাণঘাতী রোগের অন্যতম প্রধান কারণ। শুধু ধূমপান নয়, চিবানো তামাক, গুল, জর্দা, খৈনি, ইত্যাদিও ভয়ংকর ক্ষতি করে থাকে। উপজেলাকে কি ভাবে তামাক মুক্ত করা যায় সে বিষয়ে সকলকে সহযোগীতা করার আহব্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশে ৩৫ শতাংশ মানুষ তামাক ব্যবহার করেন এবং প্রতি বছর তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। বিশ্বে উৎপাদিত মোট তামাকের ১.৩ শতাংশ বাংলাদেশে উৎপন্ন হয় এবং তামাক চাষে ব্যবহৃত জমির দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৩তম স্থানে রয়েছে।
তারা আরও বলেন, তামাক চাষের ফলে কৃষিজমির পরিমাণ হ্রাস পাচ্ছে এবং চিকিৎসা ব্যয় বেড়ে চলেছে। আবাদী জমি ও জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তারা শিক্ষার্থীদের সামাজিকীকরণ, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ এবং শিল্প, সাহিত্য ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করার ওপর জোর দেন।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ওসি মুহাম্মদ সিদ্দিকুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,উপজেলা ভেটেনারি সার্জন নাজনীন আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।