স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রী লামিসা ও কোটালীপাড়ায় নিখোঁজের তিনদিন পর সোবাইত বুদ্ধিমন্ত সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (০১ জুন) বিকালে কাশিয়ানী উপজেলার মধুমতি নদী ও দুপুরে কোটালীপাড়া উপজেলার একটি খাল থেকে এ মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ও কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, গতকাল শনিবার দুপুরে কাশিয়ানী উপজেলার জঙ্গলমুকন্দপুর গ্রামের গোসল করতে মধুমতি নদীতে নামে লিটু খানের মেয়ে স্কুল ছাত্রী লামিসা। এসময় সে নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডবুরি দল খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।
আজ রোববার বিকেলে জঙ্গলমুকন্দপুর গ্রামের চরপাড়া জামে মসজিদের কাছে লামিসার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।
অপরদিকে, ওসি মোঃ আবুল কালাম আজাদ জানান, গত বৃহস্পতিবার (২৯ মে) বাড়ী থেকে বের হন কোটালীপাড়া উপজেলার সদাচার সেবাশ্রমের সেবাইত বুদ্ধিমন্ত সরকার। এরপর থেকে বাড়িতে ফিরে না আসলে পরিবারের পক্ষ থেকে কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
আজ রোববার দুপুরে এলাকাবাসী উপজেলার রামশীল খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। #